বাংলাদেশে নতুন ইতিহাস: আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তারেক রহমান

বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার বিকেল চারটায় শপথ নিতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। এর আগে সকাল ১০টা থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। স্পিকার পদটি শূন্য থাকায় সংসদ সদস্যদের শপথ করাবেন মুখ্য নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
তারেক রহমানের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে ঢাকা যাচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ভারত ও পাকিস্তানসহ মোট ১৩টি দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। ভারতের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীকে নয়াদিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রও আজ হস্তান্তর করার কথা রয়েছে।
এই শপথ গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে রাষ্ট্রপ্রধান হওয়ার নজির গড়ছেন তারেক রহমান। এর আগে তাঁর বাবা জিয়াউর রহমান এবং মা খালেদা জিয়া দেশটির শীর্ষ পদে আসীন ছিলেন। তবে নবনির্বাচিতদের সংবিধান সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। আইনি জটিলতা এড়াতে আপাতত বিষয়টি স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন দলের নীতি-নির্ধারকরা।