পশ্চিম বর্ধমানে ভোটার তালিকা সংশোধনে গরহাজির হাজারো ভোটার, শীর্ষে বিজেপির ৩ কেন্দ্র

পশ্চিম বর্ধমানে ভোটার তালিকা সংশোধনে গরহাজির হাজারো ভোটার, শীর্ষে বিজেপির ৩ কেন্দ্র

পশ্চিম বর্ধমান জেলায় ভোটার তালিকার বিশেষ পর্যালোচনার (SIR) শুনানিতে অনুপস্থিতির সংখ্যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জেলায় মোট ১১ হাজার ১৭৩ জন ভোটার শুনানিতে অংশ নেননি। এর মধ্যে গরহাজিরার তালিকায় প্রথম তিনটি স্থানই বিজেপির দখলে থাকা বিধানসভা কেন্দ্রগুলোর। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, কুলটি, আসানসোল দক্ষিণ এবং দুর্গাপুর পশ্চিমে অনুপস্থিত ভোটারের সংখ্যা সবথেকে বেশি।

পরিসংখ্যান বলছে, কুলটিতে সর্বাধিক ২,১৪১ জন, আসানসোল দক্ষিণে ১,৬৮৪ জন এবং দুর্গাপুর পশ্চিমে ১,২৪৮ জন ভোটার শুনানিতে গরহাজির ছিলেন। অন্যদিকে, তৃণমূলের বারাবনি, পাণ্ডবেশ্বর ও আসানসোল উত্তর কেন্দ্রেও উল্লেখযোগ্য অনুপস্থিতি লক্ষ্য করা গেছে। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তথ্যের অসামঞ্জস্য মেটাতে জেলার প্রায় ৪ লক্ষ ২৭ হাজার ৯৮০ জনকে শুনানিতে তলব করা হয়েছিল।

বিজেপির জয়ী আসনগুলোতে এই বিপুল অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও বিজেপি বিধায়কদের দাবি, জীবিকার তাগিদে বা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়ার কারণেই অনেক ভোটার সশরীরে হাজির হতে পারেননি। তবে নির্ধারিত সময়ের মধ্যে শুনানিতে উপস্থিত না হওয়ায় নিয়ম অনুযায়ী ওই ভোটারদের নাম তালিকা থেকে বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *