রমজান ২০২৬: মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান, প্রস্তুত বাংলাসহ গোটা বিশ্ব

২০২৬ সালের পবিত্র রমজান মাস শুরুর অপেক্ষায় বিশ্বব্যাপী প্রস্তুতি তুঙ্গে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র ইতিমধ্যেই শা’বানের শেষ চাঁদের ছবি প্রকাশ করেছে। আজ, ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল এবং চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। সেখানে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য পর্যালোচনার পর আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দেওয়া হবে।
একইভাবে সৌদি আরবের সুপ্রিম কোর্টও মঙ্গলবার সন্ধ্যায় ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখার জন্য দেশটির নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। যদি আজ চাঁদ দেখা যায়, তবে সৌদি আরবে ১৮ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা পালন করা হবে। মাগরিবের নামাজের পর নতুন চাঁদের সন্ধানে আকাশ পর্যবেক্ষণ করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
রমজানের আগাম প্রস্তুতি চলছে পশ্চিমবঙ্গজুড়েও। কলকাতা, মালদা ও মুর্শিদাবাদসহ বিভিন্ন জেলায় সেহরি ও ইফতারের সময়সূচি নিয়ে চলছে শেষ মুহূর্তের তড়জোড়। আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সেহরির সতর্কতামূলক শেষ সময় ভোর ৪:৫১ মিনিট এবং ফজরের ওয়াক্ত শুরু হবে ৪:৫৮ মিনিটে। অন্যদিকে, এদিন ইফতারের সময় নির্ধারিত হয়েছে বিকাল ৫:৩৮ মিনিটে।