মুম্বই উপকূলে আটক ৩ সন্দেহভাজন তেল ট্যাঙ্কার, চাঞ্চল্য

NEWS DESK : মুম্বই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল পশ্চিমে নজরদারি চালিয়ে ৩টি সন্দেহভাজন তেল ট্যাঙ্কার আটক করল ভারতীয় কর্তৃপক্ষ। আমেরিকার নিষেধাজ্ঞা তালিকায় থাকা এই জাহাজগুলি অবৈধ বাণিজ্যের সঙ্গে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। ধৃত জাহাজগুলির মধ্যে রয়েছে স্টেলার রুবি, অ্যাসফল্ট স্টার এবং আল জাফজিয়া। সমুদ্রপথে তেলের উৎস গোপন করে বেআইনি হস্তান্তর রুখতে ভারত এই বড় পদক্ষেপ নিয়েছে।
এদিকে আটককৃত ট্যাঙ্কারগুলির সঙ্গে কোনও ধরনের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছে ইরান। সে দেশের সরকারি সংবাদমাধ্যম এবং ন্যাশনাল ইরানি অয়েল কো ম্পা নির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ওই জাহাজ বা সেগুলির পণ্যসামগ্রীর সঙ্গে তাদের কোনও যোগসূত্র নেই। উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভারতীয় আধিকারিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযানের কথা জানালেও পরবর্তীতে সেই পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
সাম্প্রতিক সময়ে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক মজবুত হওয়ার প্রেক্ষাপটে এই ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে আমেরিকা যখন ভারতের ওপর আরোপিত ট্যারিফ উল্লেখযোগ্য হারে হ্রাস করেছে, সেই সময়ে এই অভিযান দুই দেশের কৌশলগত সমীকরণকে আরও স্পষ্ট করছে। অন্যদিকে, ইরান ও আমেরিকার মধ্যকার বর্তমান উত্তেজনা এই ঘটনাকে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বর্তমানে জাহাজগুলি অধিকতর তদন্তের জন্য বন্দরে নিয়ে আসা হয়েছে।