মুম্বইয়ে বন্ধু ম্যাক্রঁকে জাপটে ধরলেন মোদী, দুই দেশের বন্ধুত্বে শুরু হচ্ছে নতুন রূপকথা

মুম্বইয়ে বন্ধু ম্যাক্রঁকে জাপটে ধরলেন মোদী, দুই দেশের বন্ধুত্বে শুরু হচ্ছে নতুন রূপকথা

ভারতের মাটিতে পা রাখতেই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার গভীর রাতে সস্ত্রীক মুম্বইয়ে পৌঁছেছেন ম্যাক্রঁ। মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে ফরাসি প্রেসিডেন্টকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে মোদী লেখেন, “স্বাগত আমার প্রিয় বন্ধু! আপনার এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।”

মুম্বই থেকে দিল্লি, ঠাসা কর্মসূচি

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৩টে নাগাদ মুম্বইয়ের লোক ভবনে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এক হাই-প্রোফাইল দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৫টা ১৫ মিনিটে মোদী ও ম্যাক্রঁ যৌথভাবে ‘ইন্ডিয়া-ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন ২০২৬’-এর উদ্বোধন করবেন। বাণিজ্য ও স্টার্টআপ দুনিয়ায় দুই দেশের মেলবন্ধনে এই উদ্যোগ এক বৈপ্লবিক পদক্ষেপ হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নজরে এআই এবং প্রতিরক্ষা চুক্তি

মুম্বইয়ের কর্মসূচি সেরে দুই নেতা পাড়ি দেবেন দিল্লির উদ্দেশ্যে। আগামী ১৯ ফেব্রুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ অংশ নেবেন ফরাসি প্রেসিডেন্ট। এবারের সফরে প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ করে রাফাল যুদ্ধবিমান এবং মিসাইল প্রযুক্তি নিয়ে বড়সড় ঘোষণা আসতে পারে। এছাড়া স্বাস্থ্য, বাণিজ্য এবং সাপ্লাই চেইন মজবুত করতে এক ডজনেরও বেশি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এটি প্রেসিডেন্ট ম্যাক্রঁ-র চতুর্থ ভারত সফর। কূটনৈতিক মহলের মতে, ‘হরাইজন ২০৪৭’ রোডম্যাপের অধীনে ভারত ও ফ্রান্সের এই রণকৌশলগত বন্ধুত্ব আগামী দিনে বিশ্ব রাজনীতিতে এক নির্ণায়ক ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *