সংবিধান সংস্কার ইস্যুতে মতভেদ: শপথ অনুষ্ঠানে বিএনপি-জামাত টানাপোড়েন

বাংলাদেশে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানে সংবিধান সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে চরম মতভেদ তৈরি হয়েছে। মঙ্গলবার ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান চলাকালীন জামাত ঘোষণা করেছে যে, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়, তবে তাদের নির্বাচিত সদস্যরাও শপথ বয়কট করবেন। জামাতের দাবি, সংস্কারবিহীন নতুন সংসদ অর্থহীন, যা রাজনৈতিক মহলে কার্যত ‘ব্ল্যাকমেল’ হিসেবেই বিবেচিত হচ্ছে।
অন্যদিকে, বিএনপি স্পষ্ট জানিয়েছে যে তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। দলটির দাবি, তারা জনগণের ভোটে নির্বাচিত এবং পূর্বতন অন্তর্বর্তী সরকারের নেওয়া গণভোটের দায়ভার নতুন সংসদের নয়। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে এমন কোনো পদক্ষেপে তারা আগ্রহী নন।
জুলাই সনদের গণভোটে সংবিধান সংস্কারের পক্ষে জনমত থাকলেও তা কার্যকর করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের নেওয়া এই সিদ্ধান্ত খতিয়ে দেখে তবেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে। এই টানাপোড়েনের মধ্যেই মঙ্গলবার বিকেল ৪টেয় তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে, তবে মিত্র দলগুলোর এই সংঘাত নতুন সরকারের যাত্রাপথে চ্যালেঞ্জ তৈরি করল।