৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, কেমন হচ্ছে তারেক রহমানের নতুন মন্ত্রিসভা

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর এক পুরুষ প্রধানমন্ত্রীকে পেতে চলেছে দেশ। আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ঢাকার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ চত্বরেই এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালেই ১৩তম জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করান। কড়া নিরাপত্তার চাদরে ঢাকা এই অনুষ্ঠানে দেশি-বিদেশি এক হাজারেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। বিএনপি সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে নেতা নির্বাচিত করার পর বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাঁকে ও তাঁর মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।
দুই দশক পর ক্ষমতায় বিএনপি গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ২১২টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। এর মাধ্যমে দীর্ঘ ২০ বছর পর আবারও রাষ্ট্রক্ষমতায় ফিরছে দলটি। এবারের সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে।
কেমন হতে যাচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভা? রাজনৈতিক মহলে এখন সবথেকে বড় আলোচনার বিষয় হলো নতুন মন্ত্রিসভার সদস্য কারা হচ্ছেন। দলীয় সূত্রে খবর, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের এক চমৎকার সমন্বয়ে মন্ত্রিসভা সাজাতে চাইছেন তারেক রহমান। প্রাথমিকভাবে জানা গেছে, মন্ত্রিসভার আকার খুব বেশি বড় হবে না। সদস্য সংখ্যা ৩২ থেকে ৪২ জনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।
যাঁদের নাম রয়েছে আলোচনায় মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা নিয়ে এখনও গোপনীয়তা বজায় রাখা হলেও বেশ কিছু হেভিওয়েট নাম নিয়ে জোর জল্পনা চলছে।
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর: দলের মহাসচিবকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
- ড. রেজা কিবরিয়া: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক এই প্রবীণ অর্থনীতিবিদকে অর্থমন্ত্রী হিসেবে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
- হুমায়ুন কবির: বিএনপির এই যুগ্ম মহাসচিব পেতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।
- আমির খসরু মাহমুদ চৌধুরী: অভিজ্ঞ এই নেতা আবারও বাণিজ্য মন্ত্রণালয়ে ফিরতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশবাসীকে চূড়ান্ত তালিকার জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারেক রহমানের এই নতুন যাত্রা বাংলাদেশের রাজনীতিতে কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব।