সস্তার MacBook আনছে Apple, একনজরে দাম ও ফিচার্স

ল্যাপটপ প্রেমীদের জন্য বড়সড় চমক দিতে চলেছে টেক জায়ান্ট অ্যাপেল। যারা এতদিন শুধুমাত্র দামের কথা ভেবে ম্যাকবুক (MacBook) কেনার স্বপ্ন বিসর্জন দিয়েছেন, তাদের জন্য মার্চ মাসেই আসতে চলেছে দুর্দান্ত সুখবর। মধ্যবিত্তের নাগালে এবার সস্তায় প্রিমিয়াম ল্যাপটপ নিয়ে বাজারে নামছে টিম কুকের সংস্থা।
মার্চেই মেগা ইভেন্ট
রিপোর্ট অনুযায়ী, আগামী মার্চ মাসেই একটি বিশেষ ইভেন্টের পরিকল্পনা করেছে অ্যাপেল। সেখানেই আত্মপ্রকাশ করতে পারে সংস্থার এই ‘বাজেট’ ম্যাকবুক। সাধারণত অ্যাপেলের ল্যাপটপ মানেই লাখ টাকার ধাক্কা, তবে প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে এবার স্ট্র্যাটেজি বদলাচ্ছে তারা।
কত দাম হতে পারে
শোনা যাচ্ছে, নতুন এই সাশ্রয়ী ম্যাকবুকের দাম হতে পারে প্রায় ৯০,৭০০ টাকা (১০০০ ডলার)। অ্যাপেলের ইতিহাসে এটাই হতে চলেছে সবথেকে কম দামি ল্যাপটপ। সাধ্যের মধ্যে দাম রাখতে এতে বিশেষ কিছু বদল আনা হতে পারে।
কী কী ফিচার থাকছে
কম দাম হলেও ফিচারের দিক থেকে আপস করছে না সংস্থা। এই ল্যাপটপে থাকতে পারে আইফোন ১৬-এ ব্যবহৃত শক্তিশালী A18 Pro প্রসেসর। এছাড়া একনজরে দেখে নিন সম্ভাব্য স্পেসিফিকেশন:
- ডিসপ্লে: স্ক্রিন সাইজ কিছুটা ছোট, ১৩ ইঞ্চির কম হওয়ার সম্ভাবনা।
- ব়্যাম: এতে মিলবে ৮জিবি ব়্যাম।
- কালার অপশন: হলুদ, হালকা সবুজ, পিঙ্ক, ক্ল্যাসিক সিলভার এবং ডার্ক গ্রে— একাধিক নজরকাড়া রঙে পাওয়া যাবে এই ল্যাপটপ।
- বিল্ড কোয়ালিটি: দাম কমাতে গিয়ে মেটেরিয়ালে কার্পণ্য করছে না অ্যাপেল, এতেও থাকবে প্রিমিয়াম অ্যালুমিনিয়াম চ্যাসিস।
- চার্জিং: দ্রুত চার্জিংয়ের জন্য থাকছে টাইপ-সি পোর্ট।
তবে খরচ কমাতে গিয়ে কিছু হাই-এন্ড ফিচার বাদ পড়তে পারে। যেমন এতে থান্ডারবোল্ট পোর্ট না থাকার সম্ভাবনা প্রবল। যারা মূলত পড়াশোনা বা অফিসের সাধারণ কাজের জন্য একটি স্টাইলিশ এবং ফাস্ট ল্যাপটপ খুঁজছেন, তাদের জন্য এটি সেরা বিকল্প হতে পারে।