রিলস বানাতে গিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যুবককে পিষে মারল নাবালক

দিল্লির দ্বারকায় রিলস তৈরির নেশায় দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে সাহিল ধানেশরা নামক ২৩ বছর বয়সী এক যুবককে পিষে মারল এক নাবালক। গত ৩ ফেব্রুয়ারি লাল বাহাদুর শাস্ত্রী কলেজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ উঠেছে, ১৭ বছর বয়সী ওই কিশোর তার বোনের সঙ্গে বাবার স্করপিও গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছিল এবং ভিডিও করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সাহিলের বাইকে সরাসরি ধাক্কা মারে।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ও ভিডিওতে দেখা গেছে, সরু রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় সাহিলের বাইকের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় একটি বাস ও পার্ক করা গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর জখম সাহিল দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও কেউ সাহায্যে এগিয়ে আসেনি, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এক ট্যাক্সিচালকও আহত হয়েছেন।
পুলিশ অভিযুক্ত নাবালককে আটক করে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠিয়েছে, তবে বর্তমানে সে অন্তর্বর্তী জামিনে রয়েছে। নিহতের পরিবারের দাবি, রিলস বানানোর কারণেই এই প্রাণহানি ঘটেছে। পুলিশ কিশোরের বাবাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্টে সাহিলের মাথায় মারাত্মক আঘাতের কথা উল্লেখ করা হয়েছে।