২০২৬-এর মহাযুদ্ধের প্রস্তুতি শুরু, তৃণমূল ভবনে প্রার্থী হতে ভিড় জমাচ্ছেন আগ্রহীরা

২০২৬-এর মহাযুদ্ধের প্রস্তুতি শুরু, তৃণমূল ভবনে প্রার্থী হতে ভিড় জমাচ্ছেন আগ্রহীরা

কলকাতা: ২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। ঘাসফুল শিবিরের অন্দরে এখন তুঙ্গে ব্যস্ততা। ইস্তেহারের খসড়া তৈরি থেকে শুরু করে প্রার্থী বাছাই— সব মিলিয়ে সরগরম কালীঘাট থেকে তৃণমূল ভবন। এরই মধ্যে পুরনো ঐতিহ্য মেনে প্রার্থী হতে ইচ্ছুক নেতা-কর্মীদের জন্য বায়োডেটা জমা দেওয়ার বিশেষ বাক্স বসাল শাসক দল।

টিকিট কি পাবেন পুরনোরা না কি আসবে নতুন মুখ

তৃণমূল ভবনের এই বায়োডেটা বক্সকে কেন্দ্র করে দলের অন্দরে কৌতূহল তুঙ্গে। গতবারের জয়ী প্রার্থীরা কি ফের টিকিট পাবেন, নাকি এবার একঝাঁক নতুন মুখ ও সেলিব্রিটিদের দেখা যাবে— এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। যদিও প্রার্থী পদের চূড়ান্ত সিলমোহর দেওয়ার আগে সংগঠনের অভ্যন্তরীণ মূল্যায়ন এবং ভোটকুশলী সংস্থা আইপ্যাক-এর সমীক্ষা রিপোর্টকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে খবর।

কবে ঘোষণা হতে পারে নির্বাচনের নির্ঘন্ট

নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। এরপরই মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে কমিশন। তার আগে ৩ ও ৪ মার্চ দোল ও হোলির উৎসব থাকায় মার্চ মাসের প্রথম সপ্তাহে ভোট ঘোষণার সম্ভাবনা কম।

কমে আসতে পারে ভোটের দফা

তৃণমূল ও বিজেপি— উভয় শিবিরের সূত্রেই দাবি করা হচ্ছে, এবারের নির্বাচন আগের চেয়ে অনেক কম দফায় হতে পারে। কমিশন সম্ভবত ২ থেকে ৩ দফার মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করছে। ভোটার তালিকা প্রকাশের পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *