এপস্টাইন বিতর্কের মেঘ উড়িয়ে দিল্লিতে বিল গেটস, মোদীর উপস্থিতিতে এআই মহামেলায় চাঁদের হাট

এপস্টাইন বিতর্কের মেঘ উড়িয়ে দিল্লিতে বিল গেটস, মোদীর উপস্থিতিতে এআই মহামেলায় চাঁদের হাট

নিউ দিল্লি: সব জল্পনা আর বিতর্কের অবসান। মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের ভারত সফর নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা এক ঝটকায় উড়িয়ে দিল গেটস ফাউন্ডেশন। আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬’-এ সশরীরে উপস্থিত থাকছেন বিল গেটস। নির্ধারিত সূচি মেনেই বিশ্বের অন্যতম এই প্রভাবশালী ব্যক্তিত্ব সম্মেলনে মূল বক্তব্য পেশ করবেন।

সম্প্রতি কুখ্যাত জেফরি এপস্টাইন সংক্রান্ত নথিতে নাম জড়ানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা শুরু হয়েছিল। এমনকি সামিটের ওয়েবসাইট থেকে সাময়িকভাবে গেটসের নাম উধাও হওয়ায় রটে গিয়েছিল যে, তিনি হয়তো দিল্লি আসছেন না। তবে মঙ্গলবার গেটস ফাউন্ডেশনের মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, এই গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। বিল গেটস আগেই এপস্টাইন সংক্রান্ত সমস্ত অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হওয়া এই আন্তর্জাতিক সম্মেলনে শুধু বিল গেটস নন, থাকছেন প্রযুক্তির দুনিয়ার একঝাঁক মহাতারকা। গুগল তথা অ্যালফাবেট সিইও সুন্দর পিচাই এবং ওপেনএআই-এর কর্ণধার স্যাম অল্টম্যানও এই মেগা ইভেন্টের অন্যতম আকর্ষণ। ৩০টিরও বেশি দেশের প্রযুক্তি বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ এবং এর সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করবেন এই মঞ্চে।

২০১৪ সালে মাইক্রোসফটের দায়িত্ব ছাড়লেও বিশ্বজুড়ে সমাজসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন বিল গেটস। দিল্লির এই হাই-প্রোফাইল সম্মেলনে তাঁর উপস্থিতি এবং এআই নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি শুনতে মুখিয়ে রয়েছে গোটা বিশ্বের প্রযুক্তি মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *