ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে বড় অগ্রগতি, ১৮ শতাংশ ট্যারিফ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মার্চেই

ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এখন অন্তিম পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল জানিয়েছেন, আগামী ২৩ ফেব্রুয়ারি ভারতের চিফ নেগোশিয়েটর দর্পন জৈনের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করবেন। এই সফরের মূল লক্ষ্য হলো চুক্তির আইনি বিষয়গুলি চূড়ান্ত করা, যার ওপর ভিত্তি করে আগামী মার্চ মাসেই উভয় দেশ এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করতে পারে।
দীর্ঘ আলোচনার পর সম্প্রতি দুই দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে, যেখানে চুক্তির রূপরেখা স্পষ্ট করা হয়েছে। বর্তমানে ভার্চুয়াল মাধ্যমে দুই পক্ষের মধ্যে দরকষাকষি চলছে। বিশেষত ভারতীয় পণ্যের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনা এবং রাশিয়ার থেকে তেল আমদানির ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের বিষয়টি এই চুক্তিতে বিশেষ গুরুত্ব পেয়েছে।
বাণিজ্য সচিবের মতে, সরকার মার্চের মধ্যেই প্রক্রিয়াটি শেষ করতে আগ্রহী হলেও আইনি জটিলতা ও কিছু চ্যালেঞ্জের কারণে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। তবে এই চুক্তি বাস্তবায়িত হলে ভারতের বস্ত্র ও কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমেরিকার বাজারে টেক্সটাইল রপ্তানি বৃদ্ধি এবং কৃষিখাতে প্রায় ৪০০ বিলিয়ন ডলারের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।