সম্পর্কের সমীকরণেও কি গণিতের বাস? ৬ বছর ধরে এক্সেল শিটে বন্ধুত্বের হিসাব কষছেন বেঙ্গালুরুর যুবক

বেঙ্গালুরুর যুবক পঙ্কজ সম্পর্কের গভীরতা মাপতে বেছে নিয়েছেন মাইক্রোসফ্ট এক্সেল শিট। গত ৬ বছর ধরে তিনি বন্ধু, প্রিয়জন ও সম্ভাব্য জীবনসঙ্গীর পেছনে ব্যয় করা প্রতিটি মিনিট ও ঘণ্টার নিখুঁত হিসাব রাখছেন। পঙ্কজ নিজের জন্য ‘জিয়া’ নামে একটি ব্যক্তিগত সিআরএম (কাস্টোমার রিলেশনসিপ ম্যানেজমেন্ট) সিস্টেম তৈরি করেছেন, যেখানে কথোপকথন থেকে শুরু করে অনুভূতির খতিয়ানও নথিভুক্ত থাকে।
পঙ্কজের মতে, মানুষের আয়ু সীমিত, তাই সময়ের বিনিয়োগ হওয়া উচিত অর্থপূর্ণ। যদি কোনো সম্পর্কে ‘রিটার্ন অফ ইনভেস্টমেন্ট’ বা মানসিক প্রাপ্তি নেতিবাচক হয়, তবে তিনি সেখান থেকে সরে আসেন। তার পরিসংখ্যানে দেখা যায়, একটি গভীর সম্পর্কের ভিত গড়তে তিনি প্রায় ৮০-১২০ ঘণ্টা ব্যয় করেন। বর্তমানে তার তালিকায় মাত্র চারজন ঘনিষ্ঠ বন্ধু রয়েছেন, যাদের পেছনে তিনি ৪০০ ঘণ্টারও বেশি সময় দিয়েছেন।
সামাজিক মাধ্যমে এই ভিন্নধর্মী জীবনশৈলী নিয়ে আলোচনা ও সমালোচনা চললেও পঙ্কজ নিজের সিদ্ধান্তে অনড়। তার মতে, ২৫ বছরের পর নতুন বন্ধুত্ব করা কঠিন এবং সম্পর্কের স্থায়িত্ব বজায় রাখতে বার্ষিক অন্তত ৫০ ঘণ্টা সময় দেওয়া জরুরি। আবেগ আর গণিতের এই সংমিশ্রণে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে, জীবন থেকে অপ্রয়োজনীয় সম্পর্ক ছেঁটে ফেলে ঘনিষ্ঠদের ওপর মনোযোগ দেওয়াই প্রকৃত সুখের চাবিকাঠি।