দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতায় জলসংকট মেটাতে তৎপর পুরসভা, ধাপা ও গড়িয়ায় বসছে নতুন প্লান্ট

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতায় জলসংকট মেটাতে তৎপর পুরসভা, ধাপা ও গড়িয়ায় বসছে নতুন প্লান্ট

কলকাতা পুরসভার সংযুক্ত এলাকায় পানীয় জলের সমস্যা দূর করতে ধাপা ও গরিয়া ঢালাই ব্রিজে দুটি অত্যাধুনিক ‘ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। ধাপার প্রকল্পটির দৈনিক উৎপাদন ক্ষমতা ২০ মিলিয়ন গ্যালন এবং গরিয়া ঢালাই ব্রিজের প্লান্টটি ১০ মিলিয়ন গ্যালন জল শোধনে সক্ষম। লক্ষ্যমাত্রা অনুযায়ী, আগামী মার্চ-এপ্রিল মাসের মধ্যেই এই দুই প্রকল্প থেকে নিয়মিত জল সরবরাহ শুরু করতে চায় পুর কর্তৃপক্ষ।

এই প্রকল্পের সুফল পাবেন টালিগঞ্জ, যাদবপুর এবং ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন অঞ্চলের কয়েক লক্ষ বাসিন্দা। শুধুমাত্র প্লান্ট নির্মাণই নয়, ৩৫০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১৩৫ কিলোমিটার দীর্ঘ নতুন পাইপলাইন পাতার কাজও শুরু হয়েছে, যার মধ্যে ইতিমিধ্যেই ৪৬ কিলোমিটারের কাজ সম্পন্ন। উন্নত পরিষেবা নিশ্চিত করতে ৯১টি ভিন্ন অংশে এই পাইপলাইন নেটওয়ার্ক বিস্তৃত করা হচ্ছে।

পাইপ বসানোর জন্য খুঁড়তে হওয়া রাস্তাগুলি দ্রুত মেরামতের কাজেও হাত দিয়েছে পুরসভা। বর্তমানে ২৫টি রাস্তার সংস্কার কাজ চলছে পুরোদমে। রাজনৈতিক মহলের ধারণা, আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই এই প্রকল্প দুটি চালু করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব কলকাতার দীর্ঘদিনের জলকষ্টের স্থায়ী সমাধান করতে চাইছে প্রশাসন। এর ফলে গ্রীষ্মের আগেই স্বস্তি ফিরবে শহরতলির বিস্তীর্ণ এলাকায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *