প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরীর পদ্ম-শিবিরে যোগদান

২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের রাজনীতিতে বড়সড় রদবদল। প্রয়াত আরএসপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর কনিষ্ঠা কন্যা কস্তুরী গোস্বামী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন। মঙ্গলবার বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তিনি গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নেন। পেশায় আইনজীবী কস্তুরীর এই যোগদান রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
কস্তুরীর দিদি বসুন্ধরা গোস্বামী বর্তমানে তৃণমূলের সক্রিয় সদস্য এবং কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ২০২১ সালের পুরভোটের আগে তিনি সরকারি চাকরি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিয়েছিলেন। একই পরিবারের দুই সদস্যের দুই ভিন্ন মেরুর রাজনৈতিক অবস্থান নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। উল্লেখ্য, ক্ষিতি গোস্বামীর প্রয়াণের পর থেকেই তাঁর পরিবারের সঙ্গে বাম শিবিরের দূরত্ব তৈরি হয়েছিল এবং পরিবারের সদস্যরা ভিন্ন রাজনৈতিক পথ বেছে নিয়েছেন।
এদিনের অনুষ্ঠানে কস্তুরী গোস্বামী ছাড়াও প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব বিজেপিতে যোগ দেন। এই উপলক্ষে ‘আঁধারের কত কথা’ নামক একটি বইও প্রকাশ করা হয়, যেখানে রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, এই যোগদান এবং জনসচেতনতামূলক প্রচার আগামী নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে তাঁদের লড়াইকে আরও শক্তিশালী করবে।