বিহারে খোলা বাজারে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, অমান্য করলে জরিমানা

বিহারে জনস্বাস্থ্য ও জনমানসের ভাবাবেগের দোহাই দিয়ে খোলা বাজারে মাছ ও মাংস বিক্রির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্যের নগরোন্নয়ন ও আবাসন দপ্তর। মঙ্গলবার জারি করা এই নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে মাংসের দোকানগুলোতে কালো কাঁচ বা পর্দা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে, যাতে বাইরে থেকে দৃশ্যমানতা না থাকে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে দোকান রাখা নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়ম লঙ্ঘন করলে ৫ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী বাম দলগুলো এই পদক্ষেপের কড়া সমালোচনা করে একে নির্দিষ্ট একটি গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছে। বাম বিধায়ক অজয় কুমার প্রশ্ন তুলেছেন যে, সাধারণ বিক্রেতারা খোলা বাজারে ব্যবসা করতে না পারলে কি এখন শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে মাংস বিক্রি করবেন? তিনি এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে তোপ দেগেছেন।
অন্যদিকে, শাসক জোটের শরিক জেডি(ইউ) এই নিয়মকে পুরনো ব্যবস্থার কঠোর প্রয়োগ বলে সমর্থন জানিয়েছে। তবে লালুপ্রসাদ যাদবের দল আরজেডি এখনই কোনো চূড়ান্ত মন্তব্য না করে বিষয়টি পর্যালোচনার কথা জানিয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, প্রতিটি বিক্রেতার লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং দোকানের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। সরকারের এই নতুন নিয়ম কার্যকর হওয়া নিয়ে বর্তমানে বিহারের রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।