বিড়ি না দেওয়া নিয়ে বচসা, উলুবেড়িয়ায় বন্ধুর মারে মৃত্যু যুবকের

বিড়ি না দেওয়া নিয়ে বচসা, উলুবেড়িয়ায় বন্ধুর মারে মৃত্যু যুবকের

হাওড়ার উলুবেড়িয়ার জয়পুর থানার তেলিবেড়িয়া এলাকায় মদের আসরে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে প্রাণ হারালেন সীমন্ত দলুই (৪৯) নামে এক ব্যক্তি। গত রবিবার রাতে অভিযুক্ত সাগর দলুইয়ের সঙ্গে মদ্যপান করার সময় বিড়ি নিয়ে বিবাদের সূত্রপাত হয়। অভিযোগ, বিড়ি না থাকায় গালিগালাজ শুরু করলে সাগর উত্তেজিত হয়ে সীমন্তকে বেধড়ক মারধর করেন।

মারধরের জেরে গুরুতর আহত সীমন্তকে উদ্ধার করে স্থানীয় আমতা ২ নম্বর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরলেও সোমবার পুনরায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং দোষীর শাস্তির দাবিতে সরব হন স্থানীয় বাসিন্দারা।

ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় জয়পুর থানার পুলিশ। অভিযুক্ত সাগর দলুইকে ইতিমদেই গ্রেফতার করা হয়েছে। পুলিশি জেরায় অভিযুক্ত মারধরের কথা স্বীকার করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় বর্তমানে পুলিশি টহল চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *