মেদিনীপুরে পথদুর্ঘটনায় উচ্চ মাধ্যমিকের পরীক্ষকসহ মৃত ২, আহত ৩

পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার বনপুরা এলাকায় এক ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষক তথা ইংরেজি শিক্ষিকা রূপা প্রামাণিক (৪৩) এবং গাড়িচালক শেখ আবু নাসের। মঙ্গলবার পরীক্ষা কেন্দ্রের ডিউটি সেরে মেদিনীপুরের রবীন্দ্রনগরের বাড়িতে ফেরার পথে তাঁদের চারচাকা গাড়িটিতে একটি দ্রুতগামী ঘাতক ট্রাক সরাসরি ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই গাড়িতে থাকা গণিত শিক্ষিকা কঙ্কনা সাঁতরাসহ আরও দুই বাইক আরোহী। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, মেদিনীপুর-কেশপুর রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ছোট গাড়িটিকে পিষে দেয়। এই ঘটনার পর ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করলেও চালক ও খালাসি পলাতক।
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান বিধায়ক সুজয় হাজরা ও পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পলাতকদের সন্ধানে তল্লাশি শুরু করেছে।