ছাব্বিশের পরেই পতন হবে মোদী সরকারের! নবান্ন থেকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা

নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপে নজিরবিহীন ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে কমিশনকে ‘তুঘলকি’ এবং ‘হিটলারি’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ শানান তিনি। বাংলার ৭ জন এএআরও (AERO)-কে সাসপেন্ড করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর সরাসরি প্রশ্ন, ভিনরাজ্যে সরকারি নথি গ্রাহ্য হলেও বাংলার ক্ষেত্রে কেন বৈষম্য করা হচ্ছে?
এদিন রীতিমতো হুঁশিয়ারির সুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কোন অধিকারে বাংলার আধিকারিকদের সাসপেন্ড করলেন? মনে রাখবেন আপনাদের চাকরিই থাকবে না।” কেন্দ্রীয় সরকারের আয়ু নিয়েও বড়সড় ভবিষ্যদ্বাণী করেছেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, ২০২৬ সালের পর কেন্দ্রে বর্তমান সরকারের আর অস্তিত্ব থাকবে না। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি স্পষ্ট করে দেন যে, রাজ্যের অধিকারে হস্তক্ষেপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না।