আসামে হ্যাটট্রিক করতে মরিয়া বিজেপি, কোন্দলে জেরবার কংগ্রেসের দুর্গ কি ভাঙবে এবার

গুয়াহাটি: আসামে বিধানসভা নির্বাচনের দামামা বাজতে আর মাত্র কয়েক দিন বাকি। নির্বাচন কমিশন সূত্রের খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে এবং এপ্রিলের প্রথম সপ্তাহেই এক দফায় সম্পন্ন হতে পারে ভোটগ্রহণ। উত্তর-পূর্বের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে এবার অল-আউট ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির।
হিমন্তই তুরুপের তাস, শাহ-মোদির মেগা সমাবেশ
বিজেপি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আকাশচুম্বী জনপ্রিয়তাকেই হাতিয়ার করতে চাইছে দল। নিচুতলার কর্মীদের রিপোর্টেও তাঁর ওপর ভরসা রাখার ইঙ্গিত মিলেছে। রাজ্যের উন্নয়ন, নারী ক্ষমতায়ন, হিন্দুত্ববাদ এবং অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখেই প্রচারে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রুখতে এবার বেশ কিছু বর্তমান বিধায়কের টিকিট কাটতে পারে পদ্ম শিবির।
অন্তর্কলহে দিশেহারা হাত শিবির
একসময়ের শক্ত ঘাঁটি ফিরে পেতে মরিয়া কংগ্রেসের অন্দরেই এখন তীব্র ডামাডোল। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরাহ এবং গৌরব গগৈ-এর মধ্যেকার সংঘাত প্রকাশ্যে চলে আসায় অস্বস্তিতে হাইকমান্ড। ভূপেন বোরাহর পদত্যাগ এবং পরে তা প্রত্যাহারের নাটককে হাতিয়ার করে বিজেপি এখন গৌরব গগৈকে নিশানা করার পরিকল্পনা করছে। ড্যামেজ কন্ট্রোলে নেমে গগৈ ক্ষমা চাওয়ার কথা বললেও, ভোটের মুখে এই কোন্দল কংগ্রেসের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।