প্রেমের প্রস্তাব ফেরাতেই রণমূর্তি যুবক, গোলাপ বদলে কিশোরীর গলায় চলল ভাঙা বিয়ারের বোতল

ভ্যালেন্টাইনস ডে-র সকালে গোলাপ হাতে হাজির হয়েছিল যুবক। স্বপ্ন ছিল মনের মানুষকে আপন করে নেওয়ার। কিন্তু কিশোরীর মুখের ওপর সরাসরি ‘না’ শুনেই মুহূর্তের মধ্যে বদলে গেল দৃশ্যপট। ভালোবাসার নিবেদন নিমেষেই রূপান্তরিত হলো নৃশংসতায়। বিয়ারের বোতল ভেঙে সেই ভাঙা কাচ দিয়েই কিশোরীর গলায় ও ঘাড়ে এলোপাথাড়ি কোপ বসাল উন্মত্ত প্রেমিক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কর্ণাটকের শিবামোগ্গার আলমানে গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম স্বরূপ। গত ১৪ ফেব্রুয়ারি সে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু প্রস্তাব প্রত্যাখ্যাত হতেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে স্বরূপ। সঙ্গে থাকা বিয়ারের বোতল ভেঙে সেটির ধারালো অংশ দিয়ে কিশোরীর ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর জখম অবস্থায় ওই কিশোরী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জে সি হাসপাতাল থেকে তাকে মনিপাল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত যুবককে ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। বর্তমানে সে-ও পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। স্বরূপের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
উল্লেখ্য, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হিংস্রতার ঘটনা এই প্রথম নয়। গত বছর ডিসেম্বর মাসে অন্ধ্রপ্রদেশের নন্দিয়ালে ঘটেছিল আরও এক মর্মান্তিক ঘটনা। তিন বছর ধরে কিশোরীর পিছু ধাওয়া করা এক যুবক বারবার প্রত্যাখ্যাত হয়ে শেষ পর্যন্ত কিশোরীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। সেই ঘটনায় ১৬ বছর বয়সি ওই কিশোরীর মৃত্যু হয়। বারবার এই ধরণের ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।