দিদি তৃণমূলের কাউন্সিলর আর বোন যোগ দিলেন বিজেপিতে!

বাংলার রাজনীতিতে ফের এক চমকপ্রদ দলবদল। বাম আমলের দাপুটে মন্ত্রী তথা আরএসপি নেতা প্রয়াত ক্ষিতি গোস্বামীর ছোট মেয়ে কস্তুরী গোস্বামী পদ্ম শিবিরে যোগ দিলেন। অবাক করার মতো বিষয় হলো, কস্তুরীর দিদি বসুন্ধরা গোস্বামী বর্তমানে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অর্থাৎ, একই পরিবারে এখন একদিকে যেমন বামপন্থার ইতিহাস, অন্যদিকে তেমনই ঘাসফুল ও পদ্ম শিবিরের সহাবস্থান।
রাজ্য বিজেপি সদর দফতরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন কস্তুরী। পেশায় আইনের ছাত্রী কস্তুরী রাজনীতিতে এসেই রাজ্যে পরিবর্তনের ডাক দিয়েছেন। তাঁর এই পদক্ষেপে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে ক্ষিতি গোস্বামীর প্রয়াণের পর তাঁর বড় মেয়ে বসুন্ধরা সরকারি চাকরি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এবং নির্বাচনে জয়ী হয়ে কাউন্সিলর হন। এবার ছোট মেয়ের বিজেপি যাত্রা গোস্বামী পরিবারের রাজনৈতিক সমীকরণকে এক নতুন মোড় দিল।
বিজেপিতে যোগদানের এই অনুষ্ঠানে কস্তুরী ছাড়াও গেরুয়া শিবিরে নাম লেখান প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, প্রাক্তন সিআরপিএফ আধিকারিক বিপ্লব বিশ্বাস এবং শিল্পোদ্যোগী ডঃ অক্ষয় বিঞ্জেরকা। লকেট চট্টোপাধ্যায় ও শংকর ঘোষের উপস্থিতিতে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। এখন দেখার, বাবার পুরনো কেন্দ্র ঢাকুরিয়া বা কলকাতার অন্য কোনো আসন থেকে বিজেপি কস্তুরীকে নির্বাচনী লড়াইয়ে নামায় কি না।