কমিশনের কড়া নির্দেশ: চার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করল রাজ্য

নির্বাচন কমিশনের চরম হুঁশিয়ারির মুখে অবশেষে দুই জেলার চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল রাজ্য সরকার। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়নার দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO) ও দুই অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারের (AERO) বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত আগস্টে তাঁদের সাসপেন্ড করা হলেও আইনি প্রক্রিয়া থমকে ছিল, যা নিয়ে নবান্নকে বারবার সতর্ক করেছিল কমিশন।
এই ইস্যুতে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করে কমিশন মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার ডেডলাইন বেঁধে দেয়। নির্দিষ্ট সময়ের মধ্যেই এফআইআর দায়ের করে কমপ্লায়েন্স রিপোর্ট জমা দেয় রাজ্য। অন্যদিকে, বসিরহাট-২ ব্লকের বিডিও সুমিত্র প্রতীম প্রধানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই অতিরিক্ত কর্মী নিয়োগের অভিযোগে তাঁকে দ্রুত সাসপেন্ড করার নির্দেশও বহাল রেখেছে কমিশন।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, সুপ্রিম কোর্টের ২০০০ সালের রায় এবং এসআইআর গাইডলাইন মেনেই সাতজন এআরও-কে সাসপেন্ড করা হয়েছে। তিনি স্পষ্ট করেন, কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়া এই সাসপেনশন প্রত্যাহারের কোনো আইনি সুযোগ নেই। বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।