টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটে ভারতের সূচি ও প্রতিপক্ষ চূড়ান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটে ভারতের সূচি ও প্রতিপক্ষ চূড়ান্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে ভারতের গ্রুপ ও খেলার সূচি আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়েছে। গ্রুপ ‘এক্স’-এ টিম ইন্ডিয়ার সঙ্গে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবোয়ে। অস্ট্রেলিয়া ছিটকে যাওয়ায় তাদের পরিবর্তে চতুর্থ দল হিসেবে জিম্বাবোয়ে এই গ্রুপে জায়গা করে নিয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স যা-ই হোক না কেন, পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী তারা ‘এক্স ১’ হিসেবেই খেলবে।

ভারতের সুপার এইট অভিযান শুরু হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপর ২৬ ফেব্রুয়ারি চেন্নাইয়ের মাঠে জিম্বাবোয়ের মুখোমুখি হবেন সূর্যরা। গ্রুপের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে, যেখানে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। প্রতিটি ম্যাচই ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

সুপার এইটের অন্য গ্রুপ তথা ‘ওয়াই’ গ্রুপে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা ইতিমদ্যেই স্থান নিশ্চিত করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট আটটি দল আগে থেকেই গ্রুপ বিন্যাসে নির্ধারিত ছিল। যদি কোনো বাছাই দল ছিটকে যায়, তবে তাদের স্থানে উত্তীর্ণ নতুন দলটি অন্তর্ভুক্ত হবে। সেই সমীকরণেই অস্ট্রেলিয়ার জায়গায় জিম্বাবোয়ের অন্তর্ভুক্তি এবং ভারতের পূর্ণাঙ্গ সূচি এখন চূড়ান্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *