৬৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ: অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে থানায় শাহিদ ইমাম

অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ৬৮ লক্ষ টাকা আর্থিক তচ্ছরুপের লিখিত অভিযোগ দায়ের করেছেন নিয়োগ দুর্নীতি মামলায় জেলমুক্ত শাহিদ ইমাম। চারু মার্কেট থানায় দায়ের করা এই অভিযোগে শাহিদের দাবি, ‘পাকা দেখা’ ছবির প্রযোজনায় বিনিয়োগের জন্য তিনি সোহম ও অর্ঘ্য চট্টোপাধ্যায়কে অর্থ দিয়েছিলেন। কিন্তু জামিনে মুক্তির পর সেই টাকা ফেরত চাইলে সোহম তা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ।
অভিযোগপত্রে শাহিদ উল্লেখ করেছেন, পাওনা টাকা ফেরত চাওয়ায় তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি সোহমের এক সহকারীর বিরুদ্ধেও ভয় দেখানোর অভিযোগ তুলেছেন তিনি। প্রাথমিক অবস্থায় পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলেও, আদালতের হস্তক্ষেপের পর থানা থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয় বলে শাহিদ জানিয়েছেন।
এই চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শাহিদ ইমামের দাবি, তিনিও একসময় তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবং দ্রুত আইনি পদক্ষেপের জন্য বিষয়টি আদালতে পেশ করবেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সোহমের নাম এই বিতর্কে জড়ানোয় রাজনৈতিক ও বিনোদন মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।