নির্বাচন কমিশনের নির্দেশে চার আধিকারিকের বিরুদ্ধে নবান্নের এফআইআর

নির্বাচন কমিশনের নির্দেশে চার আধিকারিকের বিরুদ্ধে নবান্নের এফআইআর

ভোটার তালিকায় নাম সংশোধনে অনিয়মের অভিযোগে অবশেষে চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নবান্ন। নির্বাচন কমিশনের দেওয়া সময়সীমা মেনেই মঙ্গলবার এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী বিষয়টি চিঠির মাধ্যমে কমিশনকে জানিয়েছেন। গত বছর থেকেই এই আধিকারিকদের বিরুদ্ধে ‘ভুয়ো’ ভোটারদের নাম তালিকায় তোলার অভিযোগ নিয়ে টানাপড়েন চলছিল।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের তথাগত মণ্ডল, দেবোত্তম দত্তচৌধুরী, বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস। এছাড়া সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। নবান্ন প্রথমে এই অপরাধকে লঘু বলে দাবি করলেও, দিল্লির নির্বাচন সদনে মুখ্যসচিবকে তলব করার পর শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয় রাজ্য প্রশাসন।

কমিশন সূত্রে খবর, বর্তমানে আসাম সফরে থাকা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ফুল বেঞ্চ ফিরে আসার পর পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। এর আগে গত ২ জানুয়ারি জেলাশাসকদের এফআইআর করার নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি। বারবার রিমাইন্ডার দেওয়ার পর অবশেষে মঙ্গলবার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই নবান্ন এই নির্দেশ কার্যকর করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *