বাদুড়িয়া হত্যাকাণ্ড: দেহ লোপাটে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আরও এক যুবক

বাদুড়িয়া হত্যাকাণ্ড: দেহ লোপাটে সহায়তার অভিযোগে গ্রেপ্তার আরও এক যুবক

বসিরহাটের বাদুড়িয়ায় তৃণমূল কর্মী নাসির আলি হত্যাকাণ্ডে এবার পুলিশের জালে ধরা পড়ল প্রদীপ মণ্ডল নামে এক যুবক। তদন্তকারীদের দাবি, নাসিরকে খুনের পর তাঁর দেহ খণ্ড খণ্ড করে বিভিন্ন জলাশয় ও খালে লোপাট করার কাজে সরাসরি অভিযুক্ত বিএলও-কে সাহায্য করেছিলেন এই প্রদীপ। এই নৃশংস খুনের ঘটনায় আগেই মূল অভিযুক্ত বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ও তাঁর সহযোগী সাগর গাইনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

তদন্ত সূত্রে জানা গিয়েছে, গত ১৩ ফেব্রুয়ারি এসআইআর সংক্রান্ত নথির অছিলায় নাসিরকে ডেকে এনে খুন করা হয়। অভিযোগ, বিএলও-র স্ত্রীর সঙ্গে নাসিরের সম্পর্কের জেরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনের পর প্রমাণ মেটাতে দেহটি টুকরো টুকরো করে প্লাস্টিকের প্যাকেটে ভরে এলাকার বিভিন্ন খালের জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যমুনা নদী থেকে নাসিরের মোটরসাইকেল উদ্ধার হওয়ার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়।

ধৃত প্রদীপ মণ্ডলকে আজ মঙ্গলবার বসিরহাট আদালতে তোলা হয়েছে। পুলিশি সূত্রের খবর, ধৃত যুবক এলাকায় একাধিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত। এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে প্রদীপকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছেন তদন্তকারীরা। বিশেষ তদন্তকারী দল (SIT) ইতিপূর্বেই ঘটনার পুনর্নির্মাণ ও তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *