সাবেক পাক ক্রিকেটার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে খুনের অভিযোগ প্রাক্তন স্ত্রীর

পাকিস্তানের তারকা অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে গর্ভস্থ সন্তানকে হত্যার গুরুতর অভিযোগ এনেছেন তার প্রাক্তন স্ত্রী সানিয়া আশফাক। সম্প্রতি ইমাদের দ্বিতীয় বিয়ের পরপরই সামাজিক মাধ্যমে সরব হয়ে সানিয়া দাবি করেন, ২০২৩ সালের ডিসেম্বরে লাহোরে তাকে জোরপূর্বক গর্ভপাত করানো হয়েছিল। এই ঘটনার সপক্ষে তার কাছে ভিডিও প্রমাণ রয়েছে জানিয়ে তিনি ইমাদকে একজন ‘খুনি’ ও ‘প্রতারক’ হিসেবে আখ্যায়িত করেছেন।
২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির বিচ্ছেদ ঘটে গত ডিসেম্বরে। সানিয়া অভিযোগ করেছেন যে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল ইসলামাবাদ ইউনাইটেড একজন অভিযুক্তকে দলে নিয়ে অন্যায় করেছে। তিনি ভক্তদের কাছে ফ্র্যাঞ্চাইজিটিকে বয়কট করারও আবেদন জানিয়েছেন। দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে বিচ্ছেদ হয়েছে বলে ইমাদ আগে জানালেও, বর্তমানে এই নতুন অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।
অন্যদিকে, ইমাদ ওয়াসিম সম্প্রতি নাইলাকে বিয়ে করে নতুন জীবন শুরু করার ঘোষণা দিয়েছেন। নিজের সন্তানদের প্রতি ভালোবাসা ব্যক্ত করে তিনি স্থিতিশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পথ চলার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রাক্তন স্ত্রীর তোলা এই মারাত্মক অভিযোগের বিষয়ে ইমাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।