নির্বাচন কমিশনের কোপে পড়া আধিকারিকদের পাশে মুখ্যমন্ত্রী, পদোন্নতির বড় ঘোষণা

নির্বাচন কমিশনের ‘থ্রেট কালচার’ রুখতে এবার সরাসরি ময়দানে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কমিশনের রোষের মুখে পড়া রাজ্যের প্রতিটি আধিকারিকের পাশে ১০০ শতাংশ থাকবে রাজ্য সরকার। কমিশনের শাস্তিমূলক পদক্ষেপকে ‘প্রতিহিংসামূলক’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, যাঁদের পদ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকার তাঁদের পদোন্নতি করবে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, জেলাশাসক থেকে শুরু করে মহকুমা শাসক—সকলের ওপর অন্যায্য চাপ তৈরি করছে কমিশন। নিয়ম ভেঙে আধিকারিকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ব্যবস্থা নেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানান, কমিশনের নির্দেশে আইনি প্রক্রিয়া চললেও ওই আধিকারিকরা চাকরিচ্যুত হচ্ছেন না। তাঁরা নির্বাচনের কাজ ছাড়া রাজ্যের অন্যান্য উন্নয়নমূলক কাজে সসম্মানে যুক্ত থাকবেন। মূলত কেন্দ্রের ‘ধমক-চমক’ থেকে সরকারি কর্মীদের সুরক্ষা দিতেই মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান।