মুর্শিদাবাদে তৃণমূল শিবিরে বড়সড় ভাঙন: অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরলেন আবু সুফিয়ান

মুর্শিদাবাদ জেলায় ভোটের আগে শাসক শিবিরে বড়সড় ভাঙন ধরাল কংগ্রেস। সোমবার বহরমপুরে প্রদেশ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর উপস্থিতিতে তৃণমূলে ত্যাগ করে পুরনো দল কংগ্রেসে প্রত্যাবর্তন করলেন প্রভাবশালী নেতা তথা প্রাক্তন বিধায়ক আবু সুফিয়ান। দীর্ঘ ১৫ বছর ঘাসফুল শিবিরের সঙ্গে যুক্ত থাকার পর, দলের অভ্যন্তরীণ দুর্নীতি ও গোষ্ঠীকোন্দলের অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেন।
আবু সুফিয়ানের পাশাপাশি বহরমপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৩০ জন যুবকও এদিন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেছেন। অধীর-তনয় অভিনন্দন চৌধুরীর হাত থেকে তারা দলীয় পতাকা গ্রহণ করেন। তৃণমূলের বিরুদ্ধে কাটমানি ও তোলাবাজির অভিযোগ তুলে এই দলবদল জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অভিজ্ঞ নেতার এই ‘ঘরওয়াপসি’ মুর্শিদাবাদে তৃণমূলের জন্য এক বিশাল ধাক্কা। বিশেষ করে অধীর চৌধুরীর খাসতালুক বহরমপুরে কংগ্রেসের এই শক্তিবৃদ্ধি আগামী নির্বাচনে শাসক দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। জেলাজুড়ে কংগ্রেসের হারানো জমি পুনরুদ্ধারে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।