মেদিনীপুরে ট্রাক-মারুতি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ হারালেন উচ্চ মাধ্যমিকের ডিউটি ফেরত শিক্ষিকা ও চালক

মেদিনীপুরের কেশপুর-মেদিনীপুর রাজ্য সড়কের জামতলা মাইতিগোলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক শিক্ষিকা ও গাড়ি চালকের। মৃত শিক্ষিকার নাম রূপা প্রামাণিক (৩২), তিনি কেশপুর গার্লস হাইস্কুলের ইংরেজির শিক্ষিকা ছিলেন। মঙ্গলবার মুণ্ডুলিকা হাইস্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটি সেরে মারুতি ভ্যানে চড়ে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে তাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
ভয়াবহ এই সংঘর্ষে মারুতি গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষিকা রূপা প্রামাণিক ও চালক আবু নাসেরের (৪৪) মৃত্যু হয়। গাড়িতে থাকা গণিতের শিক্ষিকা কঙ্কণা সাঁতরা এবং দুই বাইক আরোহী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাঁরা মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়েই হাসপাতালে পৌঁছান স্থানীয় বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিরা।
দুর্ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় এবং স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকের চালক ও খালাসি পলাতক। পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।