বৃষ্টিতে কপাল পুড়ল অজিদের, লড়াই না করেই সুপার এইটে জিম্বাবোয়ে

চলতি বিশ্বকাপে বড়সড় অঘটনের সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া। মঙ্গলবার আয়ারল্যান্ড ও জিম্বাবোয়ের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হতেই কপাল পুড়ল শক্তিশালী অস্ট্রেলিয়ার। টস করাও সম্ভব না হওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। এর ফলে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে সরাসরি সুপার এইটে জায়গা করে নিল সিকন্দর রাজার দল।
অস্ট্রেলিয়ার ভাগ্য ঝুলে ছিল জিম্বাবোয়ের হারের ওপর। গত ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর মিচেল মার্শদের সমীকরণ অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল। শেষ ম্যাচে ওমানকে হারালেও অজিদের সর্বোচ্চ পয়েন্ট দাঁড়াত ৪, যা জিম্বাবোয়ের বর্তমান পয়েন্টের চেয়ে কম। ফলে মাঠের লড়াই শুরুর আগেই আসর থেকে বিদায় নিতে হলো গতবারের অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়াকে।
মাঠের লড়াই ছাড়াই ইতিহাস গড়ল জিম্বাবোয়ে। ম্যাচ রেফারি ডিন কসকার বিকেল সাড়ে ৫টা নাগাদ ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিতেই উল্লাসে ফেটে পড়ে জিম্বাবোয়ে শিবির। অন্যদিকে, মিডল অর্ডারের ব্যর্থতা এবং প্রকৃতির বৈরিতায় বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল ট্র্যাভিস হেড-মিচেল মার্শদের। টুর্নামেন্টের শুরুতেই অজিদের এমন বিদায় ক্রিকেট মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।