নির্বাচন কমিশনকে ‘তুঘলকি’ আখ্যা দিয়ে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

নির্বাচন কমিশনকে ‘তুঘলকি’ আখ্যা দিয়ে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে ‘টর্চার’ ও ‘ক্যাপচার’ কমিশন বলে কটাক্ষ করে তিনি হুঁশিয়ারি দেন, “ওরা ৪২০ হলে, আমি ৪৪০ ভোল্ট।” তাঁর অভিযোগ, বিজেপি আইটি সেলের প্রভাবে কয়েক লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে কমিশন পক্ষপাতিত্ব করছে বলেও তিনি দাবি করেন।

মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, বিহারের নির্বাচনে ভোটার তালিকায় ১১টি নথির উল্লেখ থাকলেও বাংলার ক্ষেত্রে কেন ১৩টি নিয়ম করা হয়েছে। তাঁর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে এবং ১৪ ফেব্রুয়ারি নির্দিষ্ট সময়ের আগেই লগ-ইন বন্ধ করে রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করা হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিশেষত মহিলাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে তিনি সরব হন।

নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ও তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আঘাত করলে প্রত্যাঘাত আসবেই। কেন্দ্রীয় কর্মচারীদের নিয়ম মেনে কাজ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সত্যকে কখনও চাপা দেওয়া যায় না। নির্বাচন কমিশনের বর্তমান কর্মকাণ্ডকে ‘হিটলারি’ শাসনের সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান যে, জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় তিনি রাস্তায় নামতে দ্বিধা করবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *