পাকিস্তানে পুলিশচৌকিতে আত্মঘাতী গাড়ি-বোমা হামলা, ১১ পুলিশকর্মীর মৃত্যু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক ভয়াবহ আত্মঘাতী হামলায় ১১ জন পুলিশকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার রাজউর জেলায় একটি পুলিশচৌকি লক্ষ্য করে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে হামলা চালায় জঙ্গিরা। এই জোরালো বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারান কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান (টিটিপি) ইতিমধ্যেই এই নারকীয় হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (ISPR) জানিয়েছে, জঙ্গিরা বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সরাসরি পুলিশচৌকির ভেতরে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়। এই ঘটনায় এক শিশুও প্রাণ হারিয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। উল্লেখ্য, এর আগের দিনও একটি থানার সামনে বাইক বোমা বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয়েছিল।
আহতদের মধ্যে এক নারী ও এক শিশুসহ সাতজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পুরো এলাকাটি ঘিরে রেখেছে পাক সেনাবাহিনী এবং হামলাকারীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু হয়েছে। খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্রমবর্ধমান এই জঙ্গি তৎপরতা দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।