নয়া সমীকরণ: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

দীর্ঘ ১৭ মাসের অস্থিরতা কাটিয়ে বাংলাদেশে স্থায়ী সরকার গঠিত হওয়ার পরই দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার বার্তা দিল নয়াদিল্লি। বাংলাদেশের নয়া প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ আমন্ত্রণপত্র তাঁর হাতে তুলে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এই চিঠিতে প্রধানমন্ত্রী মোদি তাঁকে দ্রুত দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
শপথ গ্রহণ পরবর্তী এক একান্ত বৈঠকে ওম বিড়লা ও তারেক রহমান দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ভারতের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে স্পিকার দুই প্রতিবেশী রাষ্ট্রের দীর্ঘস্থায়ী অংশীদারত্বকে আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এর আগে খালেদা জিয়ার প্রয়াণে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফর এবং তারেক রহমানের সঙ্গে তাঁর গঠনমূলক আলোচনা সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিয়েছিল।
হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যে তৈরি হওয়া কূটনৈতিক শৈত্য কাটাতে এই আমন্ত্রণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়কালে দ্বিপাক্ষিক সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, বিএনপি ক্ষমতায় আসতেই তা নিরসনের উদ্যোগ নিল ভারত। বাংলাদেশের স্থিতিশীলতা ও পারস্পরিক উন্নয়ন বজায় রাখতে এই বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ দুই দেশের আগামীর পথ প্রশস্ত করবে।