ভারত-বাংলাদেশ ও পাক ক্রিকেট বোর্ডের টানাপোড়েনে সংকটে বিসিসিআই

ভারত-বাংলাদেশ ও পাক ক্রিকেট বোর্ডের টানাপোড়েনে সংকটে বিসিসিআই

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের একজোট হওয়া ভারতীয় ক্রিকেটের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বকাপে ভারতে খেলতে না আসা এবং পাকিস্তানের বয়কটের হুমকির জেরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। এই বিবাদ দীর্ঘস্থায়ী হলে আগামীতে ভারতে প্রস্তাবিত বড় টুর্নামেন্টগুলো আয়োজনে অনিশ্চয়তা তৈরি হতে পারে।

আইসিসি ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি না হলে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করা কঠিন হয়ে পড়বে। এমনকি পাকিস্তানও ভারতে খেলতে আসতে রাজি না হলে টুর্নামেন্টগুলো হাইব্রিড মডেলে করার প্রয়োজনীয়তা দেখা দেবে, যা ভারতের একক কর্তৃত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘দ্য এজ’-এর দাবি অনুযায়ী, উদ্ভূত পরিস্থিতিতে আইসিসি এই মেগা টুর্নামেন্টগুলো ভারত থেকে সরিয়ে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার কথা ভাবছে। যদিও বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে বিসিসিআইয়ের জন্য এটি একটি বড় সতর্কবার্তা। চলতি বিশ্বকাপের পর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের বরফ না গললে ভারতকে বড় আন্তর্জাতিক আসর হারানোর মাসুল গুনতে হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *