টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস কানাডার যুবরাজের, ভেঙে দিলেন শেহজাদ ও রায়নার রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন কানাডার পাঞ্জাবি বংশোদ্ভূত ব্যাটার যুবরাজ সিং সামরা। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৯ বছর ১৪১ দিন বয়সে ৬৫ বলে ১১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই বাঁহাতি। ১১টি চার ও ৬টি ছক্কায় সাজানো এই ইনিংসের মাধ্যমে তিনি পাকিস্তানের আহমেদ শেহজাদ এবং ভারতের সুরেশ রায়নার রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করলেন।
যুবরাজ এখন ওয়ানডে ও টি-টোয়েন্টি—উভয় ফরম্যাটের বিশ্বকাপ মিলিয়ে কনিষ্ঠতম শতরানকারী। এর আগে ওয়ানডে বিশ্বকাপে আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের দখলে এই রেকর্ড ছিল। এছাড়া আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। গত বছরের মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই তরুণের ব্যাটিং শৈলী ক্রিকেট বিশ্বে সাড়া ফেলেছে।
কানাডার ব্র্যাম্পটনে জন্ম নেওয়া যুবরাজের বাবা বলজিৎ সামরা ভারত থেকে সেখানে গিয়েছিলেন। কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের ভক্ত বাবা নিজের ছেলের নামও রেখেছিলেন প্রিয় তারকার আদলে। টরন্টো ডিস্ট্রিক্ট লিগ থেকে উঠে আসা এই দীর্ঘদেহী ব্যাটার বাবার স্বপ্ন পূরণ করে আন্তর্জাতিক মঞ্চে নিজের জাত চেনালেন। তার এই সাফল্য কানাডার ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করল।