রাজ্যে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’, ১ মার্চ থেকে জেলায় জেলায় কর্মসূচির ডাক

আসন্ন নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে তৎপরতা বাড়িয়ে ‘পরিবর্তন যাত্রা’র ঘোষণা করল বিজেপি। সল্টলেকের দলীয় কার্যালয়ে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। বর্তমান সরকারের আমলে গণতান্ত্রিক অধিকার খুণ্ণ হওয়া এবং দুর্নীতির অভিযোগ তুলে এই যাত্রার মাধ্যমে জনমত গঠনের ডাক দিয়েছে গেরুয়া শিবির।
রাজ্যজুড়ে মোট ৯টি যাত্রার পরিকল্পনা করা হয়েছে। আগামী ১ মার্চ কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, গড়বেতা, রায়দিঘি ও কুলটি থেকে যাত্রা শুরু হবে। ২ মার্চ ইসলামপুর, সন্দেশখালি, হাসান ও আমতা থেকে দ্বিতীয় পর্যায়ের সূচনা হবে। দোলযাত্রা উপলক্ষে ৩ ও ৪ মার্চ বিরতি থাকলেও ৫ থেকে ১০ মার্চ পর্যন্ত ৫০০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই বিশেষ ট্যাবলো।
নীলাঞ্জন রায়ের নেতৃত্বে পরিচালিত এই কর্মসূচিতে ৬০টি বড় ও ৩০০-র বেশি ছোট জনসভা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রচার শেষে মার্চের শেষে ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এই যাত্রার সমাপ্তি ঘটবে। উদ্বোধনী পর্বে একাধিক কেন্দ্রীয় নেতার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।