নির্বাচন কমিশনের নির্দেশে চার আধিকারিকের বিরুদ্ধে নবান্নের এফআইআর

নির্বাচন কমিশনের নির্দেশে চার আধিকারিকের বিরুদ্ধে নবান্নের এফআইআর

ভোটার তালিকায় নাম তোলায় অনিয়মের অভিযোগে অবশেষে চার সরকারি আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করল নবান্ন। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই মঙ্গলবার এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী কমিশনকে চিঠি দিয়ে নির্দেশ কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে ভুয়ো ভোটারদের নাম তালিকায় তোলার মতো গুরুতর অভিযোগ উঠেছিল।

তথাগত মণ্ডল, দেবোত্তম দত্তচৌধুরী, বিপ্লব সরকার এবং সুদীপ্ত দাস নামের ওই চার আধিকারিককে আগেই সাময়িক বরখাস্ত বা সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল কমিশন। বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত থাকাকালীন তাঁদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপের প্রমাণ মেলে। দীর্ঘ টানাপোড়েন এবং আইনি পরামর্শের পর শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন।

কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চ বর্তমানে আসাম সফরে রয়েছে। সেখান থেকে ফেরার পর রাজ্যের এই পদক্ষেপ এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখা হবে। এর আগে কমিশনের নির্দেশ কার্যকর না হওয়ায় নবান্নকে একাধিকবার রিমাইন্ডার পাঠানো হয়েছিল। এমনকি বর্তমান মুখ্যসচিবকে দিল্লিতে তলবও করে নির্বাচন সদন। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়া সম্পন্ন করল নবান্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *