দেবতারা আশীর্বাদ করলেও এবার আর পাশ করতে পারবে না বিজেপি, শাহকে বেনজির চ্যালেঞ্জ মহুয়ার

দেবতারা আশীর্বাদ করলেও এবার আর পাশ করতে পারবে না বিজেপি, শাহকে বেনজির চ্যালেঞ্জ মহুয়ার

নিজস্ব সংবাদ দাতা, কৃষ্ণনগর: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বাংলার রাজনৈতিক পারদ তুঙ্গে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাইভোল্টেজ মায়াপুর সফরের ঠিক আগের দিনই বিস্ফোরক কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ শানিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, “বাংলার সমস্ত মন্দিরের দেবতারা আশীর্বাদ করলেও এবার আর বৈতরণী পার হতে পারবে না বিজেপি।”

মঙ্গলবার কৃষ্ণনগর পুরসভা এলাকায় ‘পথশ্রী’ প্রকল্পের একগুচ্ছ রাস্তা ও সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করতে এসে কার্যত রণংদেহী মেজাজে ধরা দেন মহুয়া। তাঁর মূল অভিযোগের তির ছিল নির্বাচন কমিশনের দিকে। মহুয়ার দাবি, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কমিশন বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে এবং বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে।

ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ

সাংসদ প্রশ্ন তোলেন, গত ২৭ অক্টোবরের সার্কুলারে যেখানে জমি বা বাড়ির অ্যালটমেন্ট সার্টিফিকেটকে বৈধ নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেখানে হঠাৎ করে কেন কমিশন ভোল বদলাল? তিনি বলেন, “৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার বলা আছে যে এসআইআর (SIR) প্রক্রিয়ায় যে কোনও বৈধ নথি গ্রহণ করা যাবে। অথচ শুনানি শেষ হতেই কমিশন বলছে ‘বাংলার বাড়ি’ বা ‘প্রধানমন্ত্রী আবাস’ যোজনার স্যাংশন লেটার গ্রাহ্য হবে না। যারা এই নথি জমা দিয়েছেন, তাদের নাম কি ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে?” এই আইনি লড়াই আগামী ২০ তারিখ ফের আদালতে উঠবে বলে জানান তিনি।

অমিত শাহের সফর নিয়ে তীব্র কটাক্ষ

বুধবার অমিত শাহ মায়াপুরে ইসকন মন্দিরে পুজো দিতে আসছেন। সেই প্রসঙ্গে মহুয়া মৈত্র স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই ব্যঙ্গাত্মক সুরে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী মায়াপুরে আসছেন, তাঁকে স্বাগত। আপনারা শুধু মায়াপুর কেন, কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালী মন্দির সহ সমস্ত মন্দিরে গিয়ে মাথা ঠেকিয়ে আশীর্বাদ নিন। কিন্তু মনে রাখবেন, দেবতারা আশীর্বাদ করলেও এবার আর পাশ করতে পারবেন না।”

একইসঙ্গে তিনি রসিকতা করে বলেন, “সারা বছর আসুন না, আমরা খুব খুশি হব। আমাকে কী করে ভুলে গেলেন? আপনাদের তো খুব ভালোবাসি।” রাজনৈতিক মহলের মতে, অমিত শাহ পা রাখার আগেই মহুয়ার এই কড়া আক্রমণ আসলে বুঝিয়ে দিচ্ছে যে আসন্ন নির্বাচনে কৃষ্ণনগর তথা নদিয়ার মাটি ইঞ্চি ইঞ্চিতে লড়াই করতে প্রস্তুত ঘাসফুল শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *