প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্যয়ে ৮ টি সুস্বাস্থ্য কেন্দ্র ও ৪ টি পথশ্রী প্রকল্পের উদ্বোধন হলো নদীয়ায়

দেবাশীষ সিংহ/ নদীয়া।
নদীয়া জেলার কৃষ্ণনগর পৌর সভায় একই দিনে ৮ টি সুস্বাস্থ্য কেন্দ্র ও চারটি পথশ্রী প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় সাংসদ মহুয়া মৈত্র।আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটা রেকর্ড সংযোজন বলেই দাবি করছে জেলা তৃণমূল নেতৃত্ব। এদিন নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এইসব সুস্বাস্থ্য কেন্দ্র ও পথশ্রী প্রকল্পের উদ্বোধন করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর সহ প্রশাসনিক একগুচ্ছ আধিকারিকগন । প্রথমে প্রদীপ প্রজ্বলন ও পড়ে ফিতে কেটে এই সব প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, এদিন প্রাথমিক পর্যায়ে আটটি সুস্বাস্থ্য কেন্দ্র এবং চারটি পথশ্রী প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, আগামীতে এই দুই প্রকল্পের আওতায় আরো উন্নয়নমূলক কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রীতি নদীয়ার কৃষ্ণনগরে এসে রাজ্যের কুড়ি হাজার কিলোমিটার পথশ্রী প্রকল্পের উদ্বোধন করে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর থেকেই দিকে দিকে শুরু হয় পথশ্রী প্রকল্পের নতুন রাস্তার কাজ।
রাজ্য তৃণমূল নেতৃত্বের সংকল্প, বিধানসভা নির্বাচনের আগেই পথশ্রী প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ করা হবে। ঠিক তেমনি, নদীয়ার কৃষ্ণনগরেও চারটি পথশ্রী প্রকল্পের নতুন রাস্তার উদ্বোধন করা হলো। অন্যদিকে একইদিনে আটটি সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হওয়ায় এলাকার সাধারণ মানুষ পেয়ে থাকবেন তাদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা।