সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে হোয়াটসঅ্যাপে খেলা? কমিশনের বিরুদ্ধে অভিষেকের বিস্ফোরক অভিযোগে তোলপাড়

সুপ্রিম কোর্টের নির্দেশ উড়িয়ে হোয়াটসঅ্যাপে খেলা? কমিশনের বিরুদ্ধে অভিষেকের বিস্ফোরক অভিযোগে তোলপাড়

রাজ্যের ভোটার তালিকা সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার রণংদেহি মেজাজে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার গুরুতর অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তার দাবি, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও গোপনীয়তা বজায় না রেখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিচুতলার আধিকারিকদের বিশেষ নির্দেশ দিচ্ছে কমিশন।

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, স্পেশ্যাল রোল পর্যবেক্ষক সি মুরুগান কীভাবে সরাসরি মাইক্রো অবজারভারদের জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা নিয়ে নির্দেশ দিতে পারেন? তৃণমূল সাংসদ আশঙ্কা প্রকাশ করেছেন যে, একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু বানিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এমনকি রোল অবজারভারদের লগইন তথ্য কলকাতা থেকে কেন্দ্রীয়ভাবে অপব্যবহার করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। আইপি অ্যাড্রেস এবং টাওয়ার লোকেশন তদন্ত করলেই এই জালিয়াতি ধরা পড়বে বলে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি।

এই ঘটনার প্রেক্ষিতে সরগরম জাতীয় রাজনীতি। অভিষেক জানিয়েছেন, বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলে কটাক্ষ করেছিলেন। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট আধিকারিক সি মুরুগানের দাবি, তিনি কোনও নতুন নির্দেশ দেননি, বরং পুরনো নির্দেশিকার ব্যাখ্যা দিয়েছেন মাত্র। কমিশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, আদালতের কোনও নির্দেশ লঙ্ঘন করা হয়নি। এখন দেখার, ১৮ মার্চের শুনানিতে শীর্ষ আদালত এই ‘হোয়াটসঅ্যাপ বিতর্ক’ নিয়ে কী পদক্ষেপ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *