মহম্মদ সেলিম মঞ্চে উঠতেই ফাঁকা অডিটোরিয়াম! আলিয়া বিশ্ববিদ্যালয়ে বাম নেতাকে চরম অস্বস্তিতে ফেললেন পড়ুয়ারা

মহম্মদ সেলিম মঞ্চে উঠতেই ফাঁকা অডিটোরিয়াম! আলিয়া বিশ্ববিদ্যালয়ে বাম নেতাকে চরম অস্বস্তিতে ফেললেন পড়ুয়ারা

কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ে এক বেনজির ঘটনার সাক্ষী থাকল রাজনৈতিক মহল। পার্কসার্কাস ক্যাম্পাসে ‘সামাজিক সাম্য ও সংখ্যালঘুদের অধিকার’ বিষয়ক একটি আলোচনা সভায় আমন্ত্রিত ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। কিন্তু তিনি মঞ্চে পা রাখতেই ঘটল বিপত্তি। উপস্থিত ছাত্রছাত্রীদের একাংশ আচমকাই অনুষ্ঠান কক্ষ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন।

সূত্রের খবর, মঞ্চে তখন বক্তব্য রাখছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ঠিক সেই মুহূর্তেই মহম্মদ সেলিম অডিটোরিয়ামে প্রবেশ করলে পড়ুয়াদের মধ্যে গুঞ্জন শুরু হয় এবং তারা গণহারে সভাস্থল ত্যাগ করেন। বাম নেতার উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করতেই এই ‘বয়কট’ বলে দাবি করেছেন অনেক পড়ুয়া।

যদিও পরিস্থিতি সামাল দিতে সাফাই দিয়েছেন নওশাদ সিদ্দিকি। তিনি মঞ্চ থেকেই দাবি করেন, নিউটাউনের বাস ছেড়ে দেবে বলেই ছাত্ররা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছেন। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরেও তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, আলোচনার পরিবেশ নষ্ট করার প্রয়োজন নেই।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূলের একাধিক নেতা সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিও শেয়ার করে দাবি করেছেন, সংখ্যালঘু পড়ুয়ারা সেলিমকে প্রত্যাখ্যান করেছেন। তবে সিপিএমের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো কড়া প্রতিক্রিয়া মেলেনি। পড়ুয়াদের একাংশের দাবি, নির্দিষ্ট কিছু রাজনৈতিক অবস্থানের কারণেই তারা সেলিমের বক্তব্য শুনতে আগ্রহী ছিলেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *