বিয়ের আসরে রক্তগঙ্গা! আম আদমি পার্টি নেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঝাঁঝরা করল দুষ্কৃতীরা
পাঞ্জাবের তরণ তারণ জেলায় এক ভয়াবহ হত্যাকাণ্ডে প্রাণ হারালেন আম আদমি পার্টির (আপ) প্রভাবশালী নেতা তথা গ্রাম প্রধান হরবিন্দর সিং। বুধবার রাতে একটি বিয়ের অনুষ্ঠানে সপরিবারে যোগ দিয়েছিলেন তিনি। আনন্দ-উৎসবের মাঝেই আচমকা বাইকে চড়ে আসা তিন দুষ্কৃতী ভিড়ের মধ্যে ঢুকে পড়ে হরবিন্দরকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪০ বছর বয়সী এই নেতার। দাদাকে বাঁচাতে গিয়ে বুকে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন তাঁর খুড়তুতো ভাই গুরমনজিৎ সিং। বর্তমানে হাসপাতালে তাঁর অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীদের মতে, অতিথিদের ভিড়ে মিশে থাকা আততায়ীরা কয়েক সেকেন্ডের মধ্যে অপারেশন শেষ করে চম্পট দেয়।
ঘটনার খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী ও ফরেনসিক দল এলাকাটি ঘিরে ফেলে। এটি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত বিবাদ, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে অমৃতসরেও একইভাবে এক আপ নেতাকে খুন করা হয়েছিল। বারবার বিয়ের আসরের মতো জনবহুল জায়গায় এমন প্রাণঘাতী হামলায় পাঞ্জাবের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।