কেন্দ্রের ভাঁড়ারে যথেষ্ট টাকা থাকলেও পেনশন যৎসামান্যই, দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনের হুঁশিয়ারি
February 19, 202610:01 am
কলকাতা/নয়াদিল্লি: দীর্ঘ ৯ বছরের লড়াই এবার চরম পরিণতির পথে। আগামী ৯ মার্চ থেকে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসতে চলেছেন দেশের প্রায় ৮১ লক্ষ ইপিএস-৯৫ পেনশনভোগী। বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এই চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখা।
বঞ্চনার মূল পয়েন্টগুলো একনজরে
- বিশাল তহবিল বনাম সামান্য পেনশন: ইপিএফও-র অডিট রিপোর্ট অনুযায়ী পেনশন ফান্ডে প্রায় ৭ লক্ষ কোটি টাকা জমা থাকলেও কর্মীদের যৎসামান্য টাকা দিয়ে দায় সারছে সংস্থা।
- ভঙ্গ করা প্রতিশ্রুতি: গত ১০ বছর ধরে আন্দোলন চললেও এবং গত অগস্টে কেন্দ্রীয় সরকারের লিখিত আশ্বাসের পরেও ন্যূনতম পেনশনের অঙ্ক বাড়েনি।
- বেঁচে থাকার সংকট: বর্তমানে প্রায় ৩৬ লক্ষ পেনশনার মাসে ১০০০ টাকারও কম পেনশন পান, যা দিয়ে বর্তমান বাজারে জীবনধারণ আসাম্ভব।
পেনশনভোগীদের প্রধান দাবি
- ন্যূনতম মাসিক পেনশন ৭৫০০ টাকা করতে হবে।
- পেনশনের সঙ্গে মহার্ঘ ভাতা (DA) যুক্ত করতে হবে।
- পেনশনার ও তাঁদের স্বামী/স্ত্রীর জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
- উচ্চতর পেনশন সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায় দ্রুত কার্যকর করতে হবে।
কমিটির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত জানিয়েছেন, ৩০-৩৫ বছর ফান্ডে টাকা জমা দেওয়ার পর এই বঞ্চনা আর মেনে নেওয়া হবে না। আগামী ৯ থেকে ১১ মার্চ যন্তর মন্তরে বিক্ষোভের পর দাবি না মিটলে আমরণ অনশন শুরু হবে।