বিদেশি নয় পুরোপুরি দেশি প্রযুক্তিতে তৈরি রোবোডগ পরম কাঁপিয়ে দিল দিল্লির এআই প্রদর্শনী

বিদেশি নয় পুরোপুরি দেশি প্রযুক্তিতে তৈরি রোবোডগ পরম কাঁপিয়ে দিল দিল্লির এআই প্রদর্শনী

দিল্লির এআই এক্সপো ২০২৬-এ বর্তমানে সবথেকে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে চারপেয়ে এক রোবট। নাম তার ‘পরম’। বেঙ্গালুরুর এক স্টার্টআপ সংস্থা জেনারেল অটোনমি (General Autonomy) দাবি করেছে, এটি ভারতের সবথেকে শক্তিশালী এবং সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি রোবট ডগ। কোনো বিদেশি মডেলের অনুকরণ বা যন্ত্রাংশ জোড়া লাগানো নয়, বরং ভারতীয় ইঞ্জিনিয়ারদের মেধা আর পরিশ্রমের ফসল এই ‘পরম’।

কী এই পরম আর কেন এটি অনন্য

‘পরম’ মূলত একটি কোয়াড্রাপ্যাড রোবট, যা চার পায়ে ভর দিয়ে কুকুরের মতো চলাফেরা করতে পারে। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বেঙ্গালুরুর রাস্তায় অনায়াসেই ঘুরে বেড়াচ্ছে এই রোবোডগ। ৩০ সেন্টিমিটার উঁচু সিঁড়ি বেয়ে ওঠা, সামনে কোনো বাধা এলে নিজে থেকেই পথ পরিবর্তন করা কিংবা নিচু জায়গায় ‘ক্র্যাব ওয়াক’ বা কাঁকড়ার মতো গুটিসুটি মেরে ঢুকে পড়ার ক্ষমতা রয়েছে এর। এমনকি কোনো কারণে পড়ে গেলেও এটি নিজে থেকেই উঠে দাঁড়াতে পারে। অটোনোমাস ন্যাভিগেশন এবং ট্র্যাকিংয়ের মতো অত্যাধুনিক ফিচারে ঠাসা এই রোবটটি সাত মাসের নিরলস গবেষণার ফল।

প্রধানমন্ত্রীর বিশেষ নজর ও প্রশংসা

গত মাসে ‘স্টার্টআপ ইন্ডিয়া’র দশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি প্রদর্শনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এই রোবোডগের কার্যকারিতা প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ‘পরম’ তার দক্ষতা দেখিয়ে প্রশংসা কুড়িয়ে নিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি ১৫ দিন অন্তর এই রোবটের সফটওয়্যার ও ফিচারে নতুন নতুন আপডেট যোগ করা হচ্ছে, যাতে এটি বিশ্বমানের হয়ে ওঠে।

রোবোডগ আসলে কোন কাজে লাগে

যেসব দুর্গম বা আসামতল জায়গায় চাকাযুক্ত রোবট বা সাধারণ গাড়ি পৌঁছাতে পারে না, সেখানে এই চারপেয়ে রোবট অত্যন্ত কার্যকর। বিশেষজ্ঞরা মনে করছেন, ‘পরম’ আগামী দিনে নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে বৈপ্লবিক পরিবর্তন আনবে।

  • প্রতিরক্ষা ও নজরদারি: সীমান্তে নজরদারি বা শত্রুশিবিরের গতিবিধি লক্ষ করতে এটি ব্যবহার করা যাবে।
  • বিপজ্জনক অভিযান: খনি বা প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধারকাজে মানুষের বিকল্প হিসেবে এটি পাঠানো সম্ভব।
  • শিল্প ও পরিকাঠামো: পাইপলাইন বা বড় কারখানার পরিকাঠামো পর্যবেক্ষণে এটি নিখুঁত কাজ করতে পারে।

জেনারেল অটোনমি তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে গর্বের সাথে লিখেছে, “অনেক বাজে কথা হয়েছে! এবার আমরা আপনাদের সামনে নিয়ে এলাম পরম। এটি কোনো অ্যাসেম্বল করা যন্ত্র নয়, এটি ভারতে তৈরি, ভারতীয়দের দ্বারা তৈরি। আমাদের দেশ, আমাদের শতাব্দী এবং গোটা বিশ্বের জন্য এই উপহার।” দিল্লির এই প্রদর্শনীতে ‘পরম’-এর সাফল্য ভারতীয় রোবোটিক্স শিল্পের জন্য এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *