ফালাকাটায় উপচে পড়া ভিড় সামাল দিতে ময়দানে যুব তৃণমূল, এক ছাদের তলায় মিলছে গুচ্ছ গুচ্ছ সরকারি পরিষেবা

আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোর সুবিধা পৌঁছে দিতে কোমর বেঁধে নামল প্রশাসন ও শাসক দল। মঙ্গলবার ফালাকাটা পুরসভা চত্বরে আয়োজিত বিশেষ ক্যাম্পে সকাল থেকেই ছিল চোখে পড়ার মতো উন্মাদনা। মূলত রাজ্য সরকারের নতুন উদ্যোগ ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের আবেদন জমা নেওয়াকে কেন্দ্র করে এদিন যুবক-যুবতীদের ভিড় উপচে পড়ে। তবে শুধু যুব সাথীই নয়, একই ছাদের তলায় লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষক বন্ধুর মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজও সারতে পেরে খুশি সাধারণ মানুষ।
জনসাধারণের এই বিপুল উপস্থিতি সামাল দিতে এবং ফর্ম পূরণ থেকে শুরু করে যাবতীয় আইনি জটিলতা কাটাতে এগিয়ে আসে ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেস। আবেদনকারীরা যাতে কোনওভাবে হয়রানির শিকার না হন কিংবা দালাল চক্রের খপ্পরে না পড়েন, তা নিশ্চিত করতে একটি বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয় সংগঠনের পক্ষ থেকে।
এদিন সশরীরে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়া তদারকি করেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শুভব্রত দে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি বিভিন্ন নথিপত্র যাচাই এবং ফর্ম পূরণে সরাসরি সহায়তা করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ফালাকাটা টাউন ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নিলাম নন্দী সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বরা। শাসক দলের এই সক্রিয় ভূমিকায় খুশি ব্লকের বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, সরকারি পরিষেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই ধারা আগামীদিনেও বজায় রাখতে চায় যুব তৃণমূল নেতৃত্ব।