বালুরঘাট পুরসভায় পুরনো মুখেই নয়া চমক, অনাস্থা কাঁটা সরিয়ে শপথ নিলেন তিন এমসিআইসি

বালুরঘাট পুরসভায় পুরনো মুখেই নয়া চমক, অনাস্থা কাঁটা সরিয়ে শপথ নিলেন তিন এমসিআইসি

বালুরঘাট

বালুরঘাট পুরসভার প্রশাসনিক অচলাবস্থা কাটাতে অবশেষে বড় পদক্ষেপ গ্রহণ করল তৃণমূল কংগ্রেস। প্রাক্তন পুরপ্রধান অশোক কুমার মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এবং পরবর্তী পদত্যাগের পর যে শূন্যতা তৈরি হয়েছিল, তা পূরণে বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন তিনজন কাউন্সিলর। এদিন পুরসভার ‘সুবর্ণতট’ সভাকক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মহেশ পারখ, বিপুল কান্তি ঘোষ এবং অনজ সরকার কাউন্সিলর হিসেবে শপথ গ্রহণ করেন।

পুরনো অভিজ্ঞতায় আস্থা

মজার বিষয় হলো, নবনিযুক্ত এই তিন সদস্যই অশোক মিত্রের জমানাতেও মেম্বার-ইন-কাউন্সিল (এমসিআইসি) পদে আসীন ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শহরের উন্নয়নের ধারা বজায় রাখতে এবং প্রশাসনিক কাজের জটিলতা এড়াতে অভিজ্ঞ কাউনিসলরদের ওপরেই পুনরায় ভরসা রেখেছে দল। বুধবার পুরসভার বর্তমান চেয়ারম্যান সুরজিৎ সাহা নবনিযুক্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুনমুন কর এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি।

উন্নয়নে গতি ফেরানোর লক্ষ্য

চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস অতিক্রান্ত হলেও এমসিআইসি নিয়োগ না হওয়ায় কাজে বেশ কিছুটা সমস্যা হচ্ছিল বলে স্বীকার করে নিয়েছেন সুরজিৎ সাহা। তিনি জানান, “একা হাতে সব সামলানো কঠিন হয়ে পড়ছিল। আজ তিনজন সদস্য দায়িত্ব নেওয়ায় পুরসভার কাজের গতি এক ধাক্কায় অনেকটা বাড়বে। জনপরিষেবার কাজে আমরা এখন থেকে আরও বেশি সক্রিয় হতে পারব।”

অশোক শিবিরের অনুপস্থিতি ও গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন পুরপ্রধান অশোক কুমার মিত্র এবং তাঁর অনুগামী চার কাউন্সিলরের অনুপস্থিতি নিয়ে ব্যাপক গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক মহলের একাংশ একে গোষ্ঠীদ্বন্দ্বের প্রকাশ হিসেবে দেখলেও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ শহর তৃণমূল নেতৃত্ব। সুভাষ চাকি দাবি করেছেন, “দলের পক্ষ থেকে সকলকেই ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। দলীয় কর্মসূচির কারণেই হয়তো তাঁরা আসতে পারেননি। এর মধ্যে অন্য কোনো সমীকরণ খোঁজা বৃথা। যেমনভাবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিয়োগ হয়েছিল, ঠিক সেভাবেই দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ মেনেই এই এমসিআইসি নিয়োগ করা হয়েছে।”

প্রশাসনিক এই রদবদলের পর বালুরঘাট শহরের থমকে থাকা উন্নয়নমূলক প্রকল্পগুলো কতটা দ্রুত বাস্তবায়িত হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *