নজির হরমনের, মাঠে নামতেই স্বপ্নভঙ্গ!

নজির হরমনের, মাঠে নামতেই স্বপ্নভঙ্গ!

মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচ খেলার অনন্য নজির গড়লেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। নিউজিল্যান্ডের সুজি বেটসকে টপকে ক্রিকেটের ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নিলেন তিনি। ২০০৯ সালে অভিষেকের পর থেকে আজ পর্যন্ত ৩৬টি টেস্ট, ১৬১টি ওয়ানডে এবং ১৮৯টি টি-টোয়েন্টি খেলে এই মাইলফলক স্পর্শ করলেন হরমন। কিন্তু ক্যানবেরার মানুকা ওভালে রেকর্ডের রাতে দলের হার সইতে হলো তাঁকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৯ রানে পরাজিত হলো ভারত।

অস্ট্রেলিয়ার দাপট ও ভল-মুনির ব্যাটিং

সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ভারতকে চাপে ফেলে দেয় অস্ট্রেলিয়া। ওপেনিং জুটিতে জর্জিয়া ভল এবং বেথ মুনি ১২৮ রান যোগ করেন। জর্জিয়া ভল ৫৭ বলে বিধ্বংসী ৮৮ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ৩৯ বলে ৪৬ রান করে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ড গড়লেন বেথ মুনি। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে অজিরা। ভারতের হয়ে অরুন্ধতী রেড্ডি দুটি উইকেট নিলেও বিপক্ষকে আটকাতে ব্যর্থ হন বোলাররা।

তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং লাইনআপ

১৬৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের শুরুটা মন্দ ছিল না। স্মৃতি মন্ধানা (৩১) ও শেফালি বর্মা (২৯) প্রথম উইকেটে ৫৭ রান যোগ করেন। অধিনায়ক হরমনপ্রীত নিজেও ৩০ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ১৭ ওভার শেষে ভারতের স্কোর ছিল ১২৬ রানে ৩ উইকেট। জয়ের জন্য শেষ ৩ ওভারে দরকার ছিল ৩৮ রান, যা টি-টোয়েন্টিতে আসাম্ভব ছিল না। কিন্তু কিম গার্থের বলে হরমনপ্রীত আউট হতেই শুরু হয় মড়ক। মাত্র ১৬ বলের ব্যবধানে ৭ রান যোগ করতে গিয়ে ৬টি উইকেট হারায় ভারত। ১২৬/৩ থেকে মুহূর্তের মধ্যে স্কোর দাঁড়ায় ১৩৩/৯। কিম গার্থ, অ্যাশলে গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ডের নিখুঁত বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করেন ভারতীয় ব্যাটাররা।

সিরিজে সমতা

শেষ পর্যন্ত ২০ ওভারে ১৪৪ রানেই থমকে যায় ভারতের ইনিংস। ১৯ রানের জয়ে সিরিজে ১-১ সমতা ফেরাল অস্ট্রেলিয়া। ব্যক্তিগত রেকর্ডে হরমনপ্রীত আজ মিতালি রাজ (৩৩৩ ম্যাচ) বা এলিস পেরিকেও (৩৪৯ ম্যাচ) ছাপিয়ে গিয়েছেন, কিন্তু অধিনায়ক হিসেবে দলের এই ব্যাটিং বিপর্যয় নিশ্চিতভাবেই তাঁর চিন্তা বাড়াবে। সিরিজের ফয়সালা হবে এখন নির্ণায়ক শেষ ম্যাচে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *