শিশুদের হাতে সোশ্যাল মিডিয়া নয়! মোদীকে বিশেষ ‘পরামর্শ’ দিলেন ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ

নিউজ ডেস্ক: ভারতে পা রেখেই এক বিস্ফোরক অথচ অত্যন্ত জরুরি প্রসঙ্গে মুখ খুললেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। রাজকীয় সফরের মাঝেই ‘এআই ইমপ্যাক্ট সামিটে’ অংশ নিয়ে তিনি স্পষ্ট জানালেন, আগামীর প্রজন্মকে রক্ষা করতে শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা এখন সময়ের দাবি।
ফরাসি প্রেসিডেন্ট জানান, তাঁর দেশ ফ্রান্সে ইতিমধ্যেই ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে আইনি নিষেধাজ্ঞা জারির প্রক্রিয়া শুরু হয়েছে। শিশুদের মানসিক স্বাস্থ্য এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে প্যারিস। তবে কেবল নিজের দেশেই নয়, মাক্রোঁ চান এই ডিজিটাল বিপ্লবে ভারতও শামিল হোক।
মাক্রোঁ অত্যন্ত গুরুত্বের সাথে বলেন যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও উচিত এই ‘বিশেষ ক্লাবে’ যোগ দেওয়া। অর্থাৎ, ভারত সরকারও যেন ১৫ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে।
বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর এই যুগে শিশুদের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। মাক্রোঁর এই প্রস্তাব ভারত সরকারের ডিজিটাল নীতিমালায় কোনো নতুন মোড় আনে কি না, এখন সেটাই দেখার বিষয়।